বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধে শহীদ হলেন ডাঃ মঈন

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধে শহীদ হলেন ডাঃ মঈন

নিজাম ইউ জায়গীরদার : প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না গরীবের প্রিয় চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শয্যাশায়ী হওয়ার আগ পর্যন্ত সিলেটে করোনা মোকাবেলায় তিনি রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

ডাঃ মঈন উদ্দিনের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। দাফন হতে পারে ঢাকায়, জন্মভূমি সিলেটে লাশ দাফনের চেষ্টায় আছেন স্বজনরা।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামে। গ্রামের স্কুল থেকে পাঠশালা পাশের পর তিনি ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেখান থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাসের পর তিনি এফসিপিএস ও এমডি কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস) প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। স্বাস্থ্য ক্যাডারে মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর কিছুদিন পূর্বে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ কলেজের অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে কেবল তাঁর জন্মমাটি ছাতক নয়, পুরো সিলেট বিভাগ যেন কাঁদছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মন্তব্য-তাঁর মৃত্যু চিকিৎসক সমাজ ও রোগীদের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি সিলেটের সুনামধন্য প্রবীণ চিকিৎসক ডাঃ সিএম নূর আহমদ ও ডাঃ মনসুরা আহমদ চৌধুরীর বড় মেয়ে ডাঃ রিফাতের স্বামী।

 

শিক্ষার্থীদের সাথে ডাঃ মঈন উদ্দিন,এ ছবি এখন কেবলই স্মৃতি।


মেয়র আরিফের শোকঃ করোনাভাইরাসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মঈন। এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার শান্তি কামনা করেছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট