নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম, দেখার পরপরই মুছে যাবে ছবি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম, দেখার পরপরই মুছে যাবে ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বাছাই করা বন্ধু ও অনুসারীদের সঙ্গে কোনো ধরনের সম্পাদনা (এডিটিং) ছাড়াই সরাসরি ছবি শেয়ার করতে পারবেন। এই ফিচারের বিশেষত্ব হলো, প্রাপক ছবিটি দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

মূল ইনস্টাগ্রাম অ্যাপের পাশাপাশি নির্বাচিত কিছু দেশে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারের জন্য আলাদা একটি ‘কম্প্যানিয়ন অ্যাপ’ও চালু করা হয়েছে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্ট্যান্টস মূলত এমন একটি ফিচার যা কোনো পূর্বপরিকল্পনা ছাড়া তাৎক্ষণিকভাবে তোলা ছবি বন্ধুদের পাঠানোর সুবিধা দেয়। ঝকঝকে বা ভারী এডিটিং করা ছবির চেয়ে বাস্তব মুহূর্তগুলোকে কোনো ফিল্টার ছাড়াই শেয়ার করাই এই ফিচারের মূল উদ্দেশ্য।

ব্যবহারকারীরা তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা কাছের বন্ধু এবং যাদের তারা ফলো ব্যাক করেছেন, শুধু তাদের সাথেই এই ছবিগুলো শেয়ার করতে পারবেন। শেয়ার করা ছবিগুলো ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ইনবক্সের নিচে ডানদিকের কোণায় একটি ছোট ফটো স্ট্যাক বা স্তূপ আকারে দেখা যাবে।

ইনস্টাগ্রামের সাধারণ পোস্ট বা স্টোরির মতো এই ছবিগুলো স্থায়ী হবে না। তবে যিনি ছবিটি পাঠিয়েছেন, তার জন্য এটি স্থায়ীভাবে মুছে যাবে না। প্রেরকের নিজস্ব প্রাইভেট আর্কাইভে এই ছবিগুলো সর্বোচ্চ এক বছর পর্যন্ত জমা থাকবে, যা কেবল তিনিই দেখতে পাবেন। ব্যবহারকারী চাইলে পরবর্তী সময়ে এই আর্কাইভ থেকে ছবিগুলো আবার ‘স্টোরি রিক্যাপ’ হিসেবে শেয়ার করতে পারবেন।

ইনস্ট্যান্টস ফিচারের মাধ্যমে পাঠানো ছবিতে বন্ধুরা প্রতিক্রিয়া জানাতে বা উত্তর দিতে পারবেন, যা সরাসরি ইনবক্সে মেসেজ হিসেবে জমা হবে। এ ছাড়া ভুলবশত কোনো ছবি চলে গেলে তা দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য একটি ‘আনডু’ অপশনও যুক্ত করা হয়েছে।

বাস্তব ও স্বাভাবিক অনুভূতি দিতে এই ফিচারে ছবি তোলার পর কোনো এডিটিং টুল বা ফিল্টার ব্যবহারের সুযোগ রাখা হয়নি। তবে ছবি পাঠানোর আগে ক্যাপশন যুক্ত করা যাবে। স্টোরির মতো নয়, বরং এখানে ছবি খোলার আগেই ক্যাপশনটি স্ক্রিনে ভেসে উঠবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্ন্যাপচ্যাট বা বি-রিয়েলের মতো প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দেখে ইনস্টাগ্রামও এখন নিখুঁত ছবির চেয়ে ব্যক্তিগত ও সাময়িক যোগাযোগের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে নিজেদের দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট