রণজিতের সভার রেশ : সিলেটে উত্তপ্ত পরিস্থিতিতে ১৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

রণজিতের সভার রেশ : সিলেটে উত্তপ্ত পরিস্থিতিতে ১৬ জন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিসোর্টে সভার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় আসামী রয়েছেন ২০ জন ও অজ্ঞাত ১৭৫ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়েছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল (৪০)।

এ ছাড়া রিসোর্ট থেকে আটক চারজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯), নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।

এর আগে গত রোববার রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ওই রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে সেখানে উপস্থিত হন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার।

তিনি সেখানে আওয়ামী লীগের দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন। পরদিন সোমবার বিকেলে নিজের ফেসবুক পাতায় ওই সভার ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। এরপর বিষয়টি সামনে আসে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্টের মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট