গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জেরে ব্যবসায়ী জাকির হোসেনের ওপর হামলার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ ঘটনায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বাদী হয়ে আমলগ্রহণকারী আদালত-২ (সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত)-এ মামলা করেন। আদালতের নির্দেশে গত ৭ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি নথিভুক্ত হয়।

এর আগে, গত ৩১ অক্টোবর উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের ছিলিমপুর এলাকায় কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেন জাকির হোসেন। এর পরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সাক্ষাৎকারের পর স্থানীয় মির্জা আফতাব উদ্দিনের ছেলে মির্জা আসতার উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন জাকির। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে তিনি চার দিন চিকিৎসা নেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাদীর পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেটের ট্যাংক নির্মাণের ঘটনায় প্রতিবাদ করায় আসামিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেও তাঁকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে গত ১০ নভেম্বর আদালতে জামিন আবেদন করতে গেলে মামলার অন্যতম আসামি নজরুল ইসলাম পলাশের জামিন নামঞ্জুর করেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সজল চন্দ্র দাস জানান, মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একজন আসামি কারাগারে রয়েছেন এবং অন্যরা পলাতক আছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, হামলার ঘটনায় আদালতের আদেশে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট