সিলেটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ফার্মেসি সিলগালা

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, ফার্মেসি সিলগালা

সিলেটে অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে একটি ফার্মেসি সিলগালা এবং আরেকটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান ও মুদি দোকানেও জরিমানা আরোপ করা হয়।

শনিবার (১৬ মে) দুপুরে সিলেট নগরীতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ মিয়া।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, নগরীর মধুশহীদ এলাকার আল রায়হান হাসপাতালের ফার্মেসিতে ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের জন্য সরবরাহকৃত ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে দণ্ডবিধির দুটি ধারায় প্রায় এক লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তা আদায় না করে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ সময় সরকারি কাজে বাধা সৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফার্মেসিটি সিলগালা করার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকার কারণেই এই ফার্মেসিকে সিলগালা করা হয়েছে বলেও জানানো হয়।

একই অভিযানে নগরীর পপুলার নামের আরেকটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। অভিযান শেষে এসব ফার্মেসি থেকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

এছাড়া একইদিন পৃথক অভিযানে নগরীতে একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে গণমাধ্যমকে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফ মিয়া।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট