ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও আবহাগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে ১৭ নভেম্বর থেকে এ দুটি গন্তব্যে টিকিট বুকিংয়ের সুযোগ দেখা যাচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট সূচকে এসব তথ্য পাওয়া গেছে।

সৌদি আরবের কয়েকটি গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই। এরই মধ্যে জেদ্দা, গাসিম, হাইল, তাবুক ও তাইফ রুটে ফ্লাইট চলাচল সচল রয়েছে। এ ছাড়া ১০ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইটের টিকিট বুকিং পাওয়া যাবে।

তবে আলউলা, হুফুফ, জুফ, মদিনা, নজরান, নিওম, কাইসুমাহ ও ইয়ানবু গন্তব্যে আপাতত টিকিট বুকিংয়ের সুযোগ নেই। যদিও কোনো গন্তব্যে টিকিট পাওয়া না যাওয়ার অর্থ এই নয় যে, ওই রুটের ফ্লাইট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। তাই যাত্রীদের ভ্রমণের আগে সরাসরি উড়োজাহাজ সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ফ্লাইট সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

গত ৬ ও ৭ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত এবং ২৮ জন আহত হন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এরপর ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে। ৯ অক্টোবরের হামলায় তিন সৌদি নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

তবে ১০ অক্টোবরের হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই ঘটনায় প্রথমে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। পরে আহতদের মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হয়।

গত ৪ নভেম্বর ভারতের দূতাবাস জানায়, ১০ অক্টোবরের হামলায় আহত আরও এক ভারতীয় নাগরিক মারা গেছেন। এর আগে একই হামলায় আরেক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। এতে ওই হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

এসব হামলার পর বিভিন্ন উড়োজাহাজ সংস্থা ফ্লাইট বাতিল ও বিকল্প পথে চলাচল শুরু করে। এতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়।

এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির ইয়ানবু ও শারুরাহ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিপদ কেটে যাওয়ার কথা জানায়। তবে কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মদিনা অঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে পূর্বাঞ্চলের আকাশে একটি ড্রোনও ভূপাতিত করা হয়।

নিরাপত্তা পরিস্থিতির এই অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ সময়সূচি যাচাই করে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট