|
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।
তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা সুস্থতা কামনা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D