নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ (৭১) ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত। এ কারণে বাবা আফসার শেখ কিছুদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে খায়রুল লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল।

নিহত আফসার শেখের বড় ছেলে মো: শামীম শেখ বলেন, ‘টাকা ফুরিয়ে যাওয়ায় তিনদিন আগে ছোট ভাই খায়রুল গ্রামের বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার দুপুরে খায়রুল মায়ের কাছে টাকা চাইতে যান। এ সময় পাশে থাকা পিতা তাকে টাকা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে পিতাকে উপর্যুপরী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় সন্তান। এ সময় ঘটনাস্থলেই আফসার শেখ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মাদকাসক্তির কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট