হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্যবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক সেলিম ও হেলপার শিপনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১৯-১১২৫ নম্বরের ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকসহ চালক ও হেলপারকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে র‍্যাব, বিজিবি ও পুলিশের টহল জোরদার থাকায় চোরাকারবারিরা বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে ভারতীয় কসমেটিকস বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেটির গতিরোধ করে।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কার্টনভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

পুলিশ জানায়, আটক ট্রাকের চালক ও হেলপারের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট