সিলেটের বিছাকান্দিতে সাঁতার কাটতে নেমে শাবি শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

সিলেটের বিছাকান্দিতে সাঁতার কাটতে নেমে শাবি শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পর্যটনস্পট বিছানাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিছানাকান্দি জলপ্রপাতে এ ঘটনা ঘটে।

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শান্ত বনিক শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি বন্ধুদের সাথে বিছনাকান্দিতে বেড়াতে গিয়েছিলেন।

নিখোঁজের সহপাঠিদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা ১১ বন্ধু একসাথে বিছনাকান্দিতে ঘুরতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বিছানাকান্দি এসে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন। কিন্তু বৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছিল। তাতে স্রোতের তুড়ে পানিতে হারিয়ে যান শান্ত বণিক।

এক পর্যায়ে স্থানীয়রা তাকে নৌকা দিয়ে খোঁজাখুজি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম সন্ধ্যা পৌনে ৭টার দিকে বলেন, আমাদের চেষ্টার কমতি নেই। আমরা বিষয়টি জানছি সাড়ে ৫টার দিকে। তখন ডিসিকে কল দিলেও তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন ডুবুরি যাচ্ছে। সঙ্গে আমাদেরও একটা টিমও যাচ্ছে।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, আমাদের ডুবুরি টিম পৌঁছে গেছে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কিছুটা দেরি হয়ে গেছে।

বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা খোঁজাখুঁজি চালিয়ে গেলেও সফল হননি। তিনি জানান, ডুবুরি দল এলে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজ শান্ত বণিককে উদ্ধার করা সম্ভব হয়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট