করোনায় অবরুদ্ধ গরীব ও অসহায় পরিবারের পাশে ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

করোনায় অবরুদ্ধ গরীব ও অসহায় পরিবারের পাশে ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশন

বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ‘বাংলা নববর্ষের উপহার’ হিসেবে খাদ্যসহায়তা প্রদান করা হচ্ছে। বাংলা নববর্ষের প্রথম দিনে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

করোনার কারণে অবরুদ্ধ সিলেটের গরীব ও নিম্ন আয়ের মানুষেরা যখন খাদ্যসংকটে, ঠিক তখন নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্যরা পাশে দাঁড়িয়েছে তাদের। বাংলা নববর্ষের প্রথম দিনে সিলেটে খাদ্যসংকটে থাকা ৭০০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করে তারা।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। মানুষ খাদ্য সঙ্কটে ভূগছে। সিলেটেও দিনমজুর ও নিম্ন আয়ের মানুষসহ গরিব-হতদরিদ্ররা খুব কষ্টে আছেন। তাদের কষ্ট দেখে বিবেকের তাড়নায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। সকল বিত্তবানদের প্রতি অনুরোধ, গরীব-অসহায়দের এমন দুর্দিনে আপনারাও তাদের পাশে দাঁড়ান।

এদিকে, কঠিন করোনাকালে বিপন্ন মানুষকে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি সিলেটের এই স্বাস্থ্যসেবকদের খাদ্যসহায়তা নিয়ে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়েছেন সিলেটের বিভিন্ন মহল ও ব্যক্তি। প্রশংসায় ভাসাছে ওসমানী হাসপাতালের নার্সদের এমন মহতী উদ্যোগ।

এ প্রসঙ্গে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ওরা নিরবে-নিভৃতে খুবই প্রশংসার একটি কাজ করছে। গরিব-দু:খি অসহায় ৭০০ পরিবারে খাদ্যসহায়তা প্রদান করছে। যা এই সময়ে কষ্টে থাকা মানুষের প্রতি অনন্য অবদান।’

এ বিষয়ে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। অন্যদের জন্যও অনুকরণীয়। তারা একদিকে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মানুষকে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন, অন্যদিকে নিজেদের আর্থিক সহায়তায় তারা গরীব-দু:খী মানুষের পাশে দাঁড়িয়েছেন। এর চাইতে মহৎ আর কী হতে পারে।’

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার এমন মহতি উদ্যোগের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদেরকে অনুসরণ করে এভাবে যদি সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো হয়, তবে সমাজের কষ্টে থাকা মানুষের দুঃখ অনেকটাই দূর হবে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘মানুষ মানুষের জন্য এটাই প্রমাণ করলেন ওসমানী মেডিকেল কলেজের নার্সেস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে করোনার বিরুদ্ধে মানবজাতির একটি কঠিন যুদ্ধ চলছে। সেই যুদ্ধকালে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবে তারাই মহানুভব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট