১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুই রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে মোট রোগীর সংখ্যা ৫ জন।
সোমবার (৩০ মার্চ) সকালে ও দুপুরে এ দুই নতুন রোগী করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। তাদের মধ্যে একজনের বয়স ষাটের উপরে অন্য রোগীর বয়স বিশের কোঠায় বলে জানান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তবে তাদের মধ্যে কেউই বিদেশফেরত নন।
তিনি জানান, ষাটের উপরে যে রোগীকে সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে তার বাড়ী সুনামগঞ্জে। আর অপরজনের বাড়ি সিলেট।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ টায় সুনামগঞ্জে শ্বাস কষ্ট ও কাশি নিয়ে ৫৫ বছর বয়সী এক নারীকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যান। তবে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর বাড়িতে যাওয়ার আগেই পরিবারের লোকজন শ্মশানে নিয়ে দাহকাজ সম্পন্ন করায় তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি।
পরে বিষয়টি সিভিল সার্জনের দৃষ্টিগোচর হলে তিনি সিনিয়র কন্সাল্ট্যান্ট মেডিসিনের নেতৃত্বে ডেপুটি সিভিল সার্জন, মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সহকারিকে সদস্য করে একটি তদন্ত টিম গঠন করেন এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীর স্বামীকে কোভিট-১৯ এর পরীক্ষার জন্য সিলেট হাসপাতালে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।
অপরদিকে একইদিন জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকায় করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এছাড়া গত শুক্রবার (২৭ মার্চ) রাতে, শনিবার (২৮ মার্চ) বিকেলে ও রাতে আরও তিনজনকে সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ওই তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও রিপোর্ট এখনো সিলেটে এসে পৌঁছায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D