১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
হবিগঞ্জের নবীগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে সাংবাদিক মুজিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ৯ জনকে আসামি করা হয়েছে।
নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ প্রচার করায় ঘটনায় ক্ষুব্ধ হয়ে দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি শাহ সুলতান আহমেদসহ ৩ সাংবাদিককে মারধর করেছিলেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন।
স্থানীয়রা জানিয়েছেন, আউশকান্দি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান তাদের দেন ৫ কেজি করে। এ নিয়ে গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান।
তারা বলেন, এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন নিজেই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন সুলতানকে। এ খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুজিবুর রহমান ও চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিক মুজিবুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। মামলাটি রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নবীগঞ্জ প্রেক্লাবের সভাপতি সরওয়ার শিকদার জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি। যদি পুলিশ আসামিদের গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D