লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩১ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১৭১ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। অসুস্থ ২৯ জনের জন্য বিমানবন্দরে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সূত্র আরও জানায়, লিবিয়ার ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতির কারণে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা এবং দেশে ফিরতে আগ্রহী অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।