|
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (বুধবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০২৩ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে এক লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি.বি.এফ বারঠাকুরী ব্রিকসকে দুই লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় আব্দুল হারিছকে ১০ হাজার টাকা, শরিফুল ইসলামকে ১০ হাজার টাকা, আব্দুল হালিমকে ১০ হাজার টাকা এবং দিপঙ্কর বিশ্বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ জানান, পরিবেশদূষণ রোধে বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড় ও টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D