দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম

দেশের মধ্যে বাল্যবিয়ের হার সবচেয়ে কম সিলেট জেলায়। প্রজনন হারও তুলনামূলক কম এই জেলায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় বাল্যবিবাহ। দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

এক্ষেত্রে সিলেট ভালো অবস্থানে রয়েছে। সিলেট জেলায় বাল্যবিবাহের হার মাত্র ১২ দশমিক ৮ শতাংশ। যা দেশের মধ্যে সবচেয়ে কম। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ করে এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ। প্রজনন হারেও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে সিলেট। এ বিভাগে প্রজনন হার সিলেটে ২ দশমিক ৪০।

জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটির ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনেরই বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

বাল্যবিবাহের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, ৬৭ দশমিক ৯ শতাংশ। এরপর ভোলায় এ হার ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ, টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ, মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।

প্রজনন হারে বড় প্রার্থক্য
বাংলাদেশে জেলাভিত্তিক প্রজনন হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। অন্যদিকে সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, মাত্র ১ দশমিক ৫০।

প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। অর্থাৎ ভোলার প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।

ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।

অন্যদিকে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায়। এসব জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০। এ ছাড়া কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।

বিভাগভিত্তিক হিসাবেও খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০। বিপরীতে বরিশাল বিভাগে এ হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে এ হার ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।

প্রতিবেদনে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। একদিকে গর্ভনিরোধক ব্যবহারের হার কমছে, অন্যদিকে প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়ছে—এটি উদ্বেগজনক পরিস্থিতি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

এদিকে বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও দেশের জেলাগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য দেখা গেছে।

গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির দিক থেকে কয়েকটি জেলা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে।

শিশুদের শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে বান্দরবানে এ হার সবচেয়ে বেশি, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। এ ছাড়া দিনাজপুরে এ হার ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে শিশুদের প্রতি সহিংস আচরণের হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া চাঁদপুরে এ হার ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট