|
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
নিজাম ইউ জায়গীরদার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ ও মিছিলে সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জেলার বিএনপি দলীয় সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বিকেল ৪টার দিকে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, এটি কেবল একটি মামলার রায়; এমন আরও শত শত মামলা রয়েছে যেগুলোতে একই ধরনের রায় আসবে। তিনি আরও বলেন, দেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে এবং তিনি ফিরে এলে কীভাবে তাকে ‘আদর-আপ্যায়ন’ করতে হবে, তা জনগণ ঠিক করে রেখেছে।
সমাবেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এসব সন্ত্রাসীদের পাওয়া গেলে তাদের যথাযথ ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিগত দিনের মতো রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতে হ্যান্ডকাফ পরেই ফিরতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এম এ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D