|
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
অস্ট্রেলিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিচর্যাকর্মীর চাহিদা। আগামী ২০৩০ সালের মধ্যে দেশটির বয়স্কদের পরিচর্যা খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন হতে পারে। এ অবস্থায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে। নতুন ভিসা চালুর দাবিও তুলেছে দেশটির সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলো। এতে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা থাকা বাংলাদেশিদের জন্যও অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ তৈরি হতে পারে।
অস্ট্রেলিয়ার আবাসিক বয়স্ক পরিচর্যা খাতের কর্মীদের প্রায় ৫১ শতাংশ বিদেশি নাগরিক। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে নিউ সাউথ ওয়েলসের অরেঞ্জ এলাকার একটি পরিচর্যাকেন্দ্রের চিত্র তুলে ধরা হয়েছে। ওই প্রতিষ্ঠানের ১৭৯ জন কর্মীর মধ্যে ১০৪ জনই বিদেশি নাগরিক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের ভাষ্য, বিদেশি কর্মী ছাড়া তাদের সেবাকার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হতো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ হাজার পরিচর্যাকর্মী অস্থায়ী ভিসায় রয়েছেন। তাঁদের অনেকেই শিক্ষার্থী বা সঙ্গীর ভিসা নিয়ে দেশটিতে গিয়ে পরিচর্যা খাতে কাজ করছেন।
তবে কর্মীর এই চাহিদা পূরণে শুধু বিদেশ থেকে নিয়োগের ওপর নির্ভর করতে চায় না অস্ট্রেলিয়া। স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ, বিদ্যমান কর্মীদের ধরে রাখা এবং বিদেশি কর্মী নিয়োগের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিল্প সংগঠনগুলো।
এদিকে অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতের নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’ বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, অভিবাসন কমানোর নীতির পাশাপাশি বয়স্কদের পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ খাতের বাড়তি কর্মী চাহিদাও বিবেচনায় রাখতে হবে।
বাংলাদেশিদের জন্য বিদ্যমান সুযোগের একটি গুরুত্বপূর্ণ পথ হলো ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার অ্যাগ্রিমেন্ট’। এ ব্যবস্থায় অস্ট্রেলিয়ার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্পনসর করতে পারেন। এর আওতায় তিনটি পেশায় কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। এগুলো হলো বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাকারী, নার্সিং সহায়তাকারী এবং ব্যক্তিগত পরিচর্যা সহকারী।
এই চুক্তির আওতায় নিয়োগকর্তার স্পনসরশিপে দুটি ভিসার জন্য আবেদন করা যায়। একটি স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২), অন্যটি এমপ্লয়ার নমিনেশন স্কিম ভিসা (সাবক্লাস ১৮৬)। প্রথমটি অস্থায়ী কর্মভিসা, অন্যটি স্থায়ী বসবাসের সুযোগ দেয়।
আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এসব পেশায় আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় স্তরের সনদ বা সমমানের যোগ্যতা থাকতে হবে। বিকল্প হিসেবে সংশ্লিষ্ট কাজে অন্তত ১২ মাসের পূর্ণকালীন অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে। বিদেশে অর্জিত যোগ্যতা অথবা অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করলে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে দক্ষতা যাচাইয়ের প্রয়োজন হতে পারে।
এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা, অনুমোদিত নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ও স্পনসরশিপ থাকতে হবে। সাবক্লাস ৪৮২ ভিসার ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার শর্ত রয়েছে। আর সাবক্লাস ১৮৬ ভিসার জন্য অস্ট্রেলিয়ায় সংশ্লিষ্ট পরিচর্যা পেশায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বাংলাদেশ থেকে আগ্রহীরা অস্ট্রেলিয়ার অনুমোদিত বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ খুঁজতে পারেন। চাকরির প্রস্তাব পাওয়ার আগে নিয়োগকর্তা সংশ্লিষ্ট শ্রম চুক্তির আওতায় অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি।
অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে কর্মীর বাড়তি চাহিদা বাংলাদেশের কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে শুধু কর্মীর সংকট থাকলেই সেখানে চাকরি নিশ্চিত হবে না। প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা এবং নিয়োগকর্তার স্পনসরশিপ অর্জন করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D