|
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গরুটিও মারা গেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী।
আহতরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং তাহিরপুরের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে মোটরসাইকেলচালক পাবেল হোসাইন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে মধ্যনগর থেকে তাহিরপুর বাজারে যাচ্ছিলেন। পথে শাহগঞ্জ গ্রামের কাছে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে গরুটিও ঘটনাস্থলে মারা যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রতিমা রানীসহ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রতিমা রানীর মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বলেন, গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি। বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D