|
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৪০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে মারা গেছে আরও তিন শিশু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো জকিগঞ্জের ফারুক আহমদের মেয়ে আরিশা ইসলাম (৩ মাস ২২ দিন), সুনামগঞ্জ সদর উপজেলার হাজারিগাঁও এলাকার আব্দুল বাছিরের ছেলে জায়ান (৬ মাস) এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নাজিম উদ্দিনের ছেলে সিয়াম আহমদ (১ বছর ৩ মাস)।
এই তিন শিশুসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩২। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৪ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে হাম শনাক্ত হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৪৬ জন, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬ ও মৌলভীবাজারে ১৭২ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, হবিগঞ্জে ৪৭, মৌলভীবাজারে ৮ ও সুনামগঞ্জে ৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪৮ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D