মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১, নিখোঁজ ১

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১, নিখোঁজ ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেলিম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এছাড়া নিরাপদ আশ্রয়ে সাঁতারে রজতরেখা নদী পার হওয়ার সময় গুলি ছোড়া হলে আলমগীর নামে একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা গ্রুপ ও বিএনপি নেতা রহিম মোল্লা গ্রুপের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

গত ১২ নভেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত চরডুমুরিয়া-সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট