সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার বারান্দায় আগুন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার বারান্দায় আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি কার্যালয়ের পাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজারে ব্যাংকটির একটি শাখার নিচতলার বারান্দায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক গ্রামীণ ব্যাংকের কার্যালয়সংলগ্ন ভবনের বারান্দায় পেট্রোলজাতীয় তরল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। যে ভবনে ব্যাংকের কার্যালয় রয়েছে, তার নিচতলার বারান্দায় আগুন দেওয়া হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় কেয়ারটেকার থাকেন।

ওসি আরও জানান, নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়েছে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ নভেম্বর সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এতে জোনাল অফিসারের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে এবং কিছু জরুরি কাগজপত্র পুড়ে যায়।

ওই ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে একই কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাস্তবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জোনাল অফিসার আবুল হোসেন জানিয়েছিলেন, ১৫ নভেম্বর ভোররাত পৌনে ৪টার দিকে পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট