১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে অর্জুন দেব নাথ (২৫) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ (এসমপি)। এসময় অপহরণের সাথে জড়িত ৫ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয় জিন্দাবাজার এলাকার পানসি রেস্টুরেন্ট থেকে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা রেলস্টেশন এলাকা থেকে গত রোববার রাতে অর্জুন দেব নামের এক যুবককে ধরে নিয়ে আসে অপহরণকারীরা। পরে তারা অর্জুনকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এবং তার স্বজনদের মোবাইলে কল দিয়ে চাঁদা দাবি করে। এমনকি তাকে শারীরিকভাবেও নির্যাতন করে সাথে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।
অপহরণকারীদের কল পেয়ে স্বজনরা বিষয়টি সিলেট মহানগর পুলিশের (এসমপি) দক্ষিণ সুরমা থানায় অবহিত করেন। পরে স্বজনদের মাধ্যমে টাকা দেয়ার কথা বলে পুলিশ তাদের মোবাইল ট্র্যাকিং করে এবং তাদেরকে ধরার ফাঁদ পাতে। অবশেষে জল্লারপার এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত অর্জুন দেব নাথ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুড়াভূই গ্রামের মৃত হরিপদ দেবনাথের ছেলে।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের মৃত গোপাল দেবের ছেলে সজল দেব (২৫), সুনামগঞ্জের ধরমপাশা থানার সানবাড়ি গ্রামের প্রাণেশ মজুমদার ছেলে পার্থ প্রীতম মজুমদার (২৪), সিলেটের জকিগঞ্জের মরিচা গ্রামের মৃত গোলাম আহমদের ছেলে সুমন আহমদ (২৬), মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের রণধীর দাসের ছেলে রাজ দাস (২৬) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিমপুর গ্রামের গুরুচরণ দাসের ছেলে প্রীতম দাস (২৭)।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D