১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : হবিগঞ্জ তথা দেশের পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আলেম শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হকের জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল। সোমবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরে শেষ ইচ্ছা অনুযায়ী মাদ্রাসার মসজিদের পাশে ফুল বাগানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
আল্লামা হবিগঞ্জী হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস এবং সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদীস পদেও ছিলেন। তার জানাযায় ইমামতি করা তার বড় ছেলে হাফিজ মাওলানা মছরুরুল হক।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের) সভাপতির পক্ষে সহমর্মিতা প্রকাশ করেন সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছ, হবিগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বি-বাড়িয়া, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মুফতি আবুল হাসনাত আমিনীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন জানাজায় অংশগ্রহণ করেন।
বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
দেশের বিশিষ্ট হাদিস বিশারদ ও রাজনীতিবিদ হবিগঞ্জ তথা দেশের পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আলেম শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও বেশকিছু দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে হার্টের এনজিওগ্রামও করা হয়।
২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখানেও তার হার্টের এনজিওগ্রাম করা হয়।



EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D