|
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
চট্টগ্রাম মহানগরীতে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কে বা কারা এসব আগুন দিয়েছে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নগরীর উত্তর কাট্টলীর ইউনিয়ন ভূমি অফিসে এবং বৃহস্পতিবার ভোরে হালিশহরের বড়পোল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দুটি ঘটনাতেই সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় নগরীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উত্তর কাট্টলী রাসমণি ঘাট এলাকার ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অফিসের সীমানাপ্রাচীর ও কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় অফিসটি তালাবদ্ধ ছিল। নিরাপত্তাকর্মীও তখন খাবার খেতে বাইরে গিয়েছিলেন।
স্থানীয়রা অফিসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পর্দা ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া জানান, দুজন ব্যক্তি ভূমি অফিসে প্রবেশ করে আগুন দিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাইরে থেকে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা মারলে পুলিশ বক্সের জানালায় আগুন ধরে যায়। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। ধোঁয়ায় বক্সের ভেতরে ও বাইরের দেয়ালের কিছু অংশ কালো হয়ে যায়।
তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ বক্সের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D