সাতক্ষীরায় দুই ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় দুই ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

সাতক্ষীরায় দুই ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরের আলীপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগ কর্মী মিন্টু (১৮)। মেহেদী হাসান আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই গ্রামের আমবীরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দেশব্যাপী আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে আলিপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় পৌঁছে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আটকরা সদর থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী। পুলিশ আগে থেকেই তাদের খুঁজছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট