|
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
নারী, শান্তি ও নিরাপত্তা (উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি-ডব্লিউপিএস) বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সিলেটে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে নারীর নিরাপত্তা, ডিজিটাল আর্থিক সচেতনতা, সাইবার হয়রানি প্রতিরোধ, চা বাগানের নারী শ্রমিকদের অধিকার এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সিলেটের হোটেল প্যারাডাইস ইনে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও), সিলেট এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) যৌথ উদ্যোগে ও ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‘সংলাপ থেকে কার্যক্রমে: নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ চিহ্নিতকরণ এবং সুপারিশসমূহ সমন্বয়’ শীর্ষক এ সংলাপের মূল উদ্দেশ্য ছিল সিলেট বিভাগের স্থানীয় বাস্তবতা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকার চিহ্নিত করে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তির জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করা।
সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, যুব প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। আলোচনায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক প্রথম জাতীয় কর্মপরিকল্পনা (২০১৯–২০২৫)-এর কাঠামো, বাস্তবায়নের অগ্রগতি, অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা হয়।
সংলাপে বক্তারা বলেন, জাতীয় কর্মপরিকল্পনায় নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ এবং শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের ভূমিকা আরও জোরালোভাবে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, সংঘাত ও সহিংসতা, ক্রান্তিকালীন সময়ে ন্যায়বিচার এবং সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
সংলাপে বিশ্বনাথ উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ শোয়েব আখতার বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রবাসে থাকায় দেশে ও বিদেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ বেশি। এসব লেনদেনের ক্ষেত্রে নারীরা প্রায়ই সাইবার আক্রমণের শিকার হন। তাই নারীদের জন্য ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ডিজিটাল আর্থিক সাক্ষরতা কার্যক্রম চালু করা জরুরি।
তিনি আরও বলেন, দেশে ডিজিটাল ভায়োলেন্স অবজারভেটরি ব্যবস্থা এবং নারীবান্ধব সাইবার হেল্প ডেস্ক না থাকায় প্রযুক্তিনির্ভর হয়রানি ও সাইবার বুলিংয়ের শিকার নারীরা প্রয়োজনীয় সেবা, আইনি সহায়তা ও প্রতিকারের পথ সম্পর্কে যথাযথ তথ্য পান না। এ পরিস্থিতি মোকাবিলায় নারীবান্ধব সাইবার সহায়তা ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
আশার আলো-এর প্রতিনিধি ও জিহা সদস্য মাহফুজ আলম বলেন, জেন্ডার ডাইভার্স কমিউনিটির সদস্যদের আইনগত স্বীকৃতি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব অধিকার নিশ্চিত না হলে এ জনগোষ্ঠীর সদস্যদের মৌলিক সেবা ও যথাযথ সুযোগ-সুবিধা লাভ বাধাগ্রস্ত হয়।
চা বাগানের নারীদের অধিকার ও সেবা প্রাপ্তির সীমাবদ্ধতা তুলে ধরে আরডব্লিউডিওর ইয়ুথ স্বাধীনতা প্রকল্পের যুব প্রতিনিধি নাফিসা তানজিন বলেন, চা বাগানের নারীদের কাছে নারীবান্ধব সেবা পৌঁছায় না বললেই চলে। ফলে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হলেও অনেক নারী বিচার চাইতে পারেন না।
তিনি বলেন, সিলেট শহরের দলদলি চা বাগানের প্রায় ৬০ শতাংশ শ্রমিক নারী-পুরুষ নির্বিশেষে মানবাধিকার সম্পর্কে জানেন না। অন্যদিকে প্রায় ৮০ শতাংশ শ্রমিকের কোনো ব্যাংক আমানত নেই। তারা এখনো প্রচলিত প্রথা ও নিয়মের মধ্যে জীবনযাপন করছেন। সিলেটের প্রত্যন্ত ও বিস্তৃত চা বাগানগুলোতে অধিকার, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি চা বাগানভিত্তিক নারী, শান্তি ও নিরাপত্তা কমিটি গঠনের প্রস্তাব দেন।
তার প্রস্তাবিত কমিটিতে নারী শ্রমিক প্রতিনিধি, কিশোরী ও যুব প্রতিনিধি, নারী স্বাস্থ্যকর্মী, নারী শিক্ষক, স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নারী প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের মনোনীত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় নারীর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে নাফিসা তানজিন বলেন, বন্যাকবলিত অঞ্চলে অনেক সময় নারীদের মতামত না নিয়েই তাদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। নারীকে শুধু ত্রাণগ্রহীতা হিসেবে বিবেচনা না করে দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা তৈরির প্রক্রিয়ায় নেতৃত্বের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে ‘উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড সেফটি হাব’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
সংলাপে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ মহিলা আইন সমিতি, ওমেন ফর ওমেন রাইটস, জেসিস সিলেট, টুলটিকর মহিলা উন্নয়ন সমিতি, গ্রিন ডিজেবল ফাউন্ডেশন, আশার আলো যুব সংঘসহ বিভিন্ন বেসরকারি ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে আরও উপস্থিত ছিলেন আরডব্লিউডিও, সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা।
সংলাপের দলীয় আলোচনা ও অনুশীলন পর্বে অংশগ্রহণকারীরা সিলেট বিভাগের নারী, শান্তি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিদ্যমান সমস্যা, বাস্তবায়নগত ঘাটতি এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো চিহ্নিত করেন। বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তির জন্য সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতার প্রতিফলন নিশ্চিত করা জরুরি।
অধিবেশন শেষে সংলাপের মূল পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করা হয়। সিলেট বিভাগের স্থানীয় অগ্রাধিকার ও সুপারিশগুলো দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।- বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D