২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
অবশেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। রাত সাড়ে ৮টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ, দৃক গ্যালারির ব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান, পাঠশালা ফটোগ্রাফির বিভাগীয় প্রধান তানভির মুরাদ তপু, বরেণ্য আলোকচিত্রী তানজিম ওহাব, তাসলিমা আকতারসহ দেশের প্রায় অর্ধশত চিত্রশিল্পী ও ছাত্রছাত্রীরা। এর আগে আলোকচিত্রী শহিদুল আলমে জামিননামা নিয়ে দিনভর চলে নানা নাটকীয় ঘটনা।
দুপুরে কারাগারে পাঠানো জামিননামায় ঠিকানা ভুল থাকায় অবশেষে মুক্তি দেয়া হয়নি তাকে।
জানা যায়, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে শহিদুল আলমের জামিননামা দাখিল করা হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিননামা কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু জামিননামায় ঠিকানা ভুল থাকায় কারা কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে তা সিএমএম আদালতে ফেরত পাঠায়।
শহিদুল আলমের আইনজীবী জায়েদুর রহমান সাংবাদিকদের জানান, জামিননামা সংশোধনের জন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হলে বিচারক সন্ধ্যার দিকে আদেশ দেন।
জায়েদুর জানান, সোমবার বিকেল ৫টার দিকে হাইকোর্টের জামিনের আদেশ ঢাকার সিএমএম আদালতের নেজারত (আদান-প্রদান) শাখায় আসে।
গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় হাইকোর্ট শহিদুল আলমের জামিনের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শহিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। নিরাপদ সড়ক আন্দোলনের সময় শহিদুল আলম আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D