দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে : রিজভী

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে : রিজভী

শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে এবং শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিরোধী শক্তি। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এর সুনির্দিষ্ট উদাহরণও রয়েছে। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের নাশকতামূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষা’ সংক্রান্ত বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মাত্র আট মাসের একটি সরকারকে বেকায়দায় ফেলতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে। সংসদে বসে আলোচনা না করে যারা লংমার্চের ডাক দিচ্ছেন, তারা এসব অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছেন না—এমনটা সাধারণ মানুষ কখনোই ভাববে না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তবে নির্বাচনকে কেন্দ্র করে জেলা ও তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতিমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট