|
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক থেকে দুই মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে তাদের শুধু যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছে, সেসব বিষয়েই পরীক্ষা দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সারা দেশের পরীক্ষার ফল ঘোষণার সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
২০০৪ সালের পর এবারই পাসের হার সর্বনিম্ন। ওই বছর পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছেলে ও ১৯ হাজার ৭২১ জন মেয়ে।
বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, মাদরাসা বোর্ডে ৬১ দশমিক ০৭ শতাংশ ও কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা শেষ হয়।
এদিকে এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এবার মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D