|
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামি খালাস পেয়েছেন।
রোববার (১ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর মামলাটির বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।
সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।
এর আগে একই ঘটনায় দায়ের করা মামলার দণ্ডবিধির ধারার অংশে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। ফলে সর্বশেষ বিস্ফোরক আইনের মামলায় রায়ের মধ্য দিয়ে এঘটনায় দায়ের করা দুই মামলাতেই সব আসামি খালাস পেলেন।
মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেব দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদ প্রমূখ।
মামলা থেকে খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগ এনে পুলিশ মামলাটি দায়ের করে। জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটির রায়ে সকল আসামীকে খালাস প্রদান করা হলো।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D