২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিতরণের সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন।
রবিবার ইসির পক্ষ থেকে এ চিঠি দেয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ কর্তৃক ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও চিত্রসহ একটি লিখিত প্রতিবেদন দুই দিনের মধ্যে পাঠানোর জন্য বলবে ইসি।
এ বিষয়ে কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান বলেন, পল্টনের ঘটনায় আইজিপিকে চিঠি দিচ্ছে কমিশন। চিঠিটি রবিবার পাঠানো হতে পারে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আসলে ওখানে (নয়াপল্টনে) কী হয়েছে এটা পুলিশ বিভাগের কাছে জানতে চাওয়া হবে।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করে পুলিশ। পরে সংঘর্ষের এ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। বাছাই ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ৯ ডিসেম্বরের মধ্যে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D