রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন। হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরের স্থাপনা ও একটি উড়োজাহাজ লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। হুতিরা হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স, আলজাজিরা।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, হামলায় আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও গুরুতর। এতে বিমানবন্দরের বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সৌদিয়া গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের পাইলট ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি রয়েছেন। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সংস্থাটির একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে সরাসরি হামলাকারীদের নাম উল্লেখ করা হয়নি।

নতুন করে ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর হুতিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে রিয়াদ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা বিমানবন্দরে হামলায় আরও তিনজন নিহত এবং ৩৬ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়ার কারণে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে হুতিরা। অন্যদিকে সৌদি আরব বলছে, তারা ইয়েমেনের স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার অভিযানে সহায়তা করছে।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় সৌদি আরবের বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বা চলাচল সীমিত করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট