৯ বছর পর সিলেটে মাঠ কাঁপালো বিএনপি

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

৯ বছর পর সিলেটে মাঠ কাঁপালো বিএনপি

অবশেষে ৯ বছর পর ফের মাঠ কাঁপালো রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েকটি দাবিতে শনিবার সিলেটে গণসমাবেশ করেছে দলটি। নগরীর আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বিএনপির বড় আকারের কর্মসূচি সর্বশেষ ২০১৩ সালে হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সে বছরের অক্টোবরে সিলেটে আলিয়ার মাঠে বড় জনসভা করেছিল দলটি। সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।


২০১৩’র সেই জনসভায় গোটা সিলেট বিভাগ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছিলেন। তবে এবার আরেকটি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের সিলেটে বড় আকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি। দলটির দাবি, এবার স্মরণকালের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে সিলেটে।


বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন গণমাধ্যমকে বলেন, ‘প্রেক্ষাপট বিবেচনায় এবার ইতিহাসের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে। এতো বাধা, এতো বিপত্তির পরও লাখ লাখ মানুষ স্রোতের মতো সমাবেশে যোগ দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, মানুষ এখন মুক্তি চায়।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণমানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছে বিএনপি। সব বাধা পেরিয়ে জনতার ঢল নেমেছে সমাবেশে। প্রতিকূল পরিবেশেও এই সফল সমাবেশ অগণতান্ত্রিক সরকারের ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছে।




 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট