২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
চাঁদপুরে অটোবাইকে হারিয়ে যাওয়া বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে সজীব সরদার (১৮) নামে এক যুবক। এই সততার জন্য সোমবার দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান কর্তৃক পাঁচ হাজার টাকা পুরষ্কৃত হয়েছেন অটোবাইক চালক সজীব সরদার।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচিত হয়েছে। অটোবাইক চালক সজীব সরদার পুরান বাজারের মধ্য শ্রীরামদী এলাকার কবরস্থান রোডের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের পৌরসভা ভবন সংলগ্ন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে বিকাশ এজেন্টের কর্মকর্তা মাসুদ ৬১ লাখ টাকা তুলে অটোবাইক নিয়ে শহরের জোড়পুকুর পাড় গিয়ে অটোবাইক থেকে নেমে পড়েন। মনের ভুলে তিনি টাকার ব্যাগটি অটোবাইকে রেখে চলে যান। কিন্তু অটোবাইক চালক সজীব ওই জায়গায় প্রায় আধঘণ্টা অটোবাইক নিয়ে টাকার ব্যাগসহ দাঁড়িয়ে পায়চারি করেন। কিন্তু ওই লোকটি না আসায় তিনি আধাঘণ্টা পর ওই স্থান ত্যাগ করেন। পরে তিনি পুরাণবাজার হরিসভা রোডের অটোবাইকের গ্যারেজে তার গাড়িটি রেখে গ্যারেজ তালাবদ্ধ করে রাখেন।
এরপর তিনি টাকার বিষয়টি তার প্রতিবেশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে জানান। তাদের দুজনের বাড়ি মধ্যশ্রীরামদী এলাকায়। বাদল সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়ে জেনেছেন। অটোবাইক চালকের মুখে এই ঘটনা জেনে বাদল তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিনকে ফোন করেন এবং টাকা রক্ষিত আছে বলে জানান।
এরপর ওসি নাসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পুরাণবাজার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় সজীবের কাছে যান। এরপর রাত ৮টার দিকে টাকাগুলো পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকার প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে বলে চাঁদপুর মডেল থানার পুলিশ জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D