|
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের আসবাব, এসি, ফ্যান, ব্যাটারি ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জেলা আইসিটি কেন্দ্রের একটি কক্ষে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পান। কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেন তাঁরা। পরে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুনরায় অগ্নিকাণ্ডের আশঙ্কা এড়াতে কক্ষের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
অগ্নিকাণ্ডে কক্ষের এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবপত্রসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জেলা আইসিটি কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র কিংবা মূল্যবান কোনো সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট, মশার কয়েল কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। অগ্নিকাণ্ডের সময় কক্ষের ভেতরে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D