মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করে মা ও ছেলেকে বেদম মারপিট করে মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১২ অক্টোবর)।

নরসিংদী কোর্টে দায়েরকৃত মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়, রায়পুরা উপজেলার রহিমাবাদ খামার গ্রামের বাদী হাছেন আলীর সঙ্গে বাড়ি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই মহল্লার মো: মোবারক মিয়া ও রকি মিয়া ওরফে রাকিব এর সাথে বিরোধ চলে আসছিলো। গত ১২ অক্টোবর হাছেন আলীর পুত্র মো: আরিফ মিয়া এবং তার স্ত্রী মোসা: নাছিমা বেগম নরসিংদীর কোর্টে সি আর মামলায় হাজিরা দিয়ে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে নরসিংদী কোর্ট সংলগ্ন বিয়াম জিলা স্কুল এর সামনের রাস্তায় পৌছা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত মো: মোবারক মিয়া ও রকি ওরফে রাকিব এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৭/৮ জন তাদের পথরোধ করে তাদেরকে রিক্সা থেকে নামিয়ে এলোপাথারি বেধড়ক মারপিট করে এবং আরিফের পকেট থেকে নগদ ৭ হাজার টাকাও নিয়ে যায়। এসময় মা নাছিমা বেগমের চিৎকারে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে মায়ের হাত থেকে ছেলে আরিফকে তাদের সাথে নিয়ে যায়। পরবর্তী সময়ে আসামী রাকিব কৌশলগতভাবে নিজে মামলার জব্দ তালিকায় স্বাক্ষী হয়ে আরিফের নামে নরসিংদী সদর থানায় একটি মাদকদ্রব্য মামলা দায়ের করেন। এতে এ মামলার বাদী হাছেন আলী, তার ছেলে ও স্ত্রী ন্যায় বিচার হতে সম্পূর্ণভাবে বঞ্চিত হবেন বলে অভিযোগ করেছেন।

ইতিপূর্বেও উল্লেখিত সন্ত্রাসীরা গত ২৬ সেপ্টেম্বর নরসিংদী রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে পৌর মার্কেটে বাদী হাছেন আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক তুলে নিয়ে আরিফকে বেধড়ক মারপিট করে তার নিকট থেকে ২৬ হাজার টাকা ও তার ব্যবহৃত স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। এবং তাকে অপহরণ করে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন স্থানে আটক রাখে। এই মর্মে নরসিংদী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও কর্তব্যরত অফিসার কোন পদক্ষেপ নেননি বলে বাদী অভিযোগ করেছেন।

নরসিংদী সদর আমলী আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন সিআইডি নরসিংদীকে অত্র নালিশী আবেদনের বর্ণিত ঘটনা বিষয়ে ফৌজধারী কার্যবিধির ২০২ ধারা অনুযায়ী তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট