সিলেটে ভ্রমণের কথা বলে হোটেলে আত্মগোপন : আটক বদির ছেলে ও ভাইসহ ৪ জন

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সিলেটে ভ্রমণের কথা বলে হোটেলে আত্মগোপন : আটক বদির ছেলে ও ভাইসহ ৪ জন

নিজাম ইউ জায়গীরদার : সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে নগরীর জল্লারপাড় এলাকার ‘হোটেল গ্র্যান্ড প্যালেসে’ শুরু হওয়া এই অভিযান চলে বুধবার ভোররাত ৫টা পর্যন্ত।

​আটককৃতদের পরিচয়

  • ​শাওন আরমান (সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে)
  • ​আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর (আব্দুর রহমান বদির ভাই)
  • ​মোহাম্মদ হোসেন (টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর)

​অভিযানের বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল গ্র্যান্ড প্যালেসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা আত্মগোপন করে আছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ। পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও হোটেলের নিচে অবস্থান নেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা পুরো হোটেলে চিরুনি তল্লাশি চালানোর পর ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

​হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট ভ্রমণের কথা বলে তারা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।

​পুলিশের বক্তব্য

অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি নজরদারিতে রেখে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে চারজনকে আটক করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট