আরও ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

আরও ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সাতটি বিভাগের ২৮ জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার চালু হলো।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আই সেন্টারের উদ্বোধন করেন।এসময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটপ্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নতুন কমিউনিটি আই সেন্টারগুলোর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৫টি, ময়মনসিংহ বিভাগে দুটি, চট্টগ্রাম বিভাগে দুটি, রংপুরে দুটি এবং ঢাকা বিভাগে নতুন করে যুক্ত হয়েছে আরও ৯টি কমিউনিটি আই সেন্টার।

এসব সেন্টারে পরীক্ষা-নিরীক্ষায় ভারী যন্ত্রপাতির মধ্যে রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, এ স্ক্যান, বি স্ক্যান, ক্যারাটোমিটারসহ অটোরিফ্লাক্টোমিটার, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্প।

এদিকে, সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে ৪টি উপজেলায় আই সেন্টার চালু হয়েছে। এগুলো হলো শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ এম এ শহীদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান, জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালকে আরো আধুনিক ও উন্নত করা হবে। আমরা যদি ভবিষ্যতে জাতির সেবা করার আর একটি সুযোগ পাই, ইনশাআল্লাহ, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ডিএমসিএইচ) এবং প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের আরো উন্নয়ন করব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট