ইতালি যাওয়ার পথে ট্রাক থেকে ২৩ বাংলাদেশি আটক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

ইতালি যাওয়ার পথে ট্রাক থেকে ২৩ বাংলাদেশি আটক

অবৈধভাবে ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২৩ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে রোমানিয়া সীমান্ত থেকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকে করে তোশক নিয়ে যাওয়া হচ্ছিল। সেটি দেখে পুলিশের সন্দেহ হলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল। তল্লাশির সময় তোশকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

আরাদ সীমান্ত পুলিশ বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।