|
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
সিলেটের জকিগঞ্জে একটি বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে দুই ব্যক্তিকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।
জানাগেছে, ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামকে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায় তারা।
ডাকাতেরা সিলেটি ভাষায় কথা বলছিল। বাড়ি থেকে চলে যাওয়ার সময় মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ সময় ডাকাত দলের একজন দাবি করে, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। এ ছাড়া একটি মুঠোফোন বাড়ির আশপাশে খুঁজে পাওয়া যাবে বলেও জানিয়ে যায় ডাকাতেরা।
জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ জানান, এর আগেও ওই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। এতে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
মুনিম আহমদ আরও জানান, মাওলানা কমর উদ্দিন তাঁর বড় বোনের স্বামী। আগামী ২২ অক্টোবর কমর উদ্দিনের পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনে যাওয়ার প্রস্তুতি ছিল। এর মধ্যেই বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত করা এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D