|
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাঁদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাঁদের বহনকারী ভ্যানটির সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সাধন কুমার ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রীও গুরুতর আহত হন। আহত নসিমন চালককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
পূজা দেখতে বেরিয়ে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। মর্মান্তিক এ ঘটনায় মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D