|
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা যেন সর্বজনীন সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মেলবন্ধন। সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মণ্ডপ গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। উৎসবের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। পূজা মণ্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের রঙিন আলোয় যখন সবাই মাতোয়ারা, তখন সমাজের অবহেলিত মানুষগুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার এই মুহূর্তটি ছিল অত্যন্ত স্পর্শকূপ। সুবিধাবঞ্চিত মানুষদের চোখে-মুখে ফুটে ওঠা স্বস্তি ও আনন্দের হাসি যেন মণ্ডপের আলোকসজ্জাকেও হার মানায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী স্কুল শিক্ষিকা বিন্দু তালুকদার এবং কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সার্বজনীন পূজামণ্ডপ এর উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আব্দুল বাছিত খান, সায়েখ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া, মহিলা সদস্য সেলিনা বেগম, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলেমান মিয়া এবং মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ, উপদেষ্টা সুনীল দেবনাথ, নিমাই মালাকার, পরিমল দেবনাথ, কৃষ্ণ দেবনাথ ও পলাশ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, “উৎসবের প্রকৃত স্বার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এই বন্ধনই আমাদের সমাজের আসল শক্তি।” নতুন বস্ত্র পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন আগত হতদরিদ্র মানুষগুলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন মানবিক আয়োজনের মধ্য দিয়েই সূচনা হলো দুর্গোৎসবের এক অন্যরকম সৌন্দর্য।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। সবশেষে প্রধান অতিথি ইউএনও সন্দ্বীপ তালুকদারকে লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D