২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
সারাদেশে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচী
ঢাকাসহ সারা দেশে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ এ আয়োজিত মিছিল সমাবেশে বাধা প্রদান, হামলা ও পুলিশের লাঠিচার্জের ঘটানা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত আরটিএনএনের জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে ঘটনা সমুহ নিম্নরুপ-
ঢাকা : রাজধানীতে ছাত্রদলের পৃথক দুটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। ছাত্রদলের দাবি, ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং ৭ জনকে আটক করেছে পুলিশ।
বরিশাল : বরিশালে পুলিশের সামনেই বিএনপির নেতাকর্মীদের লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোড অনামী লেনের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন জানান, সকালে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতাকর্মীরা গণতন্ত্র হত্যা দিবসের মিছিল নিয়ে বের হন।
মিছিলটি নগরীর সদর রোডের অনামী লেনের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পেছন থেকে হামলা করে। বিএনপির নেতাকর্মীরা দৌড়ে কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। সেখানেও গিয়ে তাঁদের লাঠিপেটা করা হয়।
হামলা প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক দাবি করেন, পরিস্থিতি ঘোলাটে করতে বিএনপির নেতাকর্মীরাই হামলার নাটক সাজিয়েছে। তারা নিজেরাই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ওপর হামলার দায় চাপাচ্ছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ শপথ গ্রহণের পরই গ্রেপ্তার হয়েছেন।
সপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে বিএনপির আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ-মিছিলে অংশ নিতে গিয়ে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তারকৃত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট : জয়পুরহাটে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুরহাটে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিলটি রেলগেট পার হয়ে পূর্ব দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে দেয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের দাবি, পুলিশে মিছিলের সামনে থেকে একটি ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেয়।
তবে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ নয়, বিএনপির মিছিল থেকে ফাঁকা গুলি করার কথা শোনা গেছে। যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।’
পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের ফিরে যায় এবং সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সেখানে মোজাহার আলী প্রধান বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে’।
চট্টগ্রাম : ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল পন্ডু করে দিয়েছে।
তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে বলছে, পুলিশকে দেখেই বিএনপির কর্মীরা দৌড় দিয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘বিএনপি একটি মিছিল নিয়ে বের হলে পুলিশকে দেখেই দৌড় দিয়ে পালিয়েছে। তাই লাঠিচার্জের মতো ঘটনাই ঘটেনি’।
মেহেরপুর : মেহেরপুর জেলার গাংনীতে জেলা বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’র মিছিল ও আলোচনা সভা পুলিশের বাধায় অফিস কক্ষে গৃহবন্দী হয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপির ব্যবস্থাপনায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল শেষে আলোচনাসভা হওয়ার কথা থাকলেও শেষ পযর্ন্ত মিছিলটি পুলিশের বাধায় ব্যর্থ হয়ে যায়।
পরে অফিস কক্ষের চার দেওয়ালের মাঝে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজু মান বানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D