জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদল; তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে, দায়িত্বশীল আচরন করতে।

এর আগে, বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।

চা শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চা বাগানের আয় বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “চা বাগানকে লাভজনক করার জন্য কয়েক দিন আগেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক করেছি।”

তিনি বলেন, চা গাছের ক্ষতি না করে বাগানে কাঠ ও মসলাজাতীয় গাছসহ অন্য কোনো গাছ লাগানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া যেসব বাগানে সম্ভব, সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, “এর মূল উদ্দেশ্য হলো বাগানের আয় বাড়ানো। বাগানের আয় বাড়াতে পারলে শ্রমিকদের মজুরিও ভালোভাবে বাড়াতে পারব।”

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চা বাগানের শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। যেসব বাগানে স্কুল নেই, সেখানে স্কুল করা হবে এবং বাগানের রাস্তাঘাট সংস্কার করা হবে।

তিনি বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। এর সুফল আপনারা পাবেন। স্বাস্থ্য, শিক্ষা ও মজুরিসহ সব ক্ষেত্রেই এর সুফল পাওয়া যাবে।”

সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুলাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ জোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট