সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক পরিচালিত কার্যক্রমের আওতায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারার আলোকে এসব ক্ষতিপূরণ আরোপ করা হয়।

ছাড়পত্র গ্রহণ না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এছাড়া তরলবর্জ্য দ্বারা পরিবেশ দূষণের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

ধার্যকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট