|
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যাত্রীর ব্যাগেজে নয়, উড়োজাহাজের ভেতরে গোপনে রাখা অবস্থায় স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ৫৮৫ ফ্লাইটটি গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গোপন তথ্য পেয়ে বিমানটি অবতরণের পরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তল্লাশি শুরু করেন।
প্রাথমিক তথ্যে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা যায়। প্রায় চার ঘণ্টাব্যাপী তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১০ তোলা। সে হিসাবে মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কাস্টমস সূত্র জানায়, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে নয়, বরং উড়োজাহাজের টয়লেটে লুকিয়ে রাখা হয়েছিল। এতে ধারণা করা হচ্ছে, বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
কারা এই স্বর্ণ টয়লেটে রেখেছিল, কীভাবে তা বিমানবন্দর থেকে বের করে নেওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D