৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি।
মঙ্গলবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপাচার্য জানান, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে একটি তথ্য ছড়ায়। এটি ছিল নিছক একটি গুজব। বিষয়টি প্রথমে আমাদের নজরে এনেছেন কয়েকজন সাংবাদিক।
শারফুদ্দিন আহমেদ বলেন, গুজব রোধ ও গুজব রটনাকারীকে খুঁজে পেতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কাছে মৌখিকভাবে সহযোগিতা চাওয়া হয়েছে। পরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের দ্রুত পদক্ষেপে আমরা জানতে পারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদ অর্কের বরাতে সংশ্লিষ্ট গুজবটি পোস্ট হয়। এর পর তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন ডা. আসিফ ওয়াহিদ জানান এমন কোনো ঘটনা তিনি জানেন না।
তিনি জানান, ডা. আসিফ ওয়াহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের নতুন ভর্তিকৃত রেসিডেন্ট হলেও কোনো ক্লাস করেননি। যার ফলে তাৎক্ষণিকভাবে আমরা তাকে ট্রেস করতে পারিনি। তিনি ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার।
তিনি আরও জানান, এটা নিয়ে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করতে দেওয়া হবে না। তবে আমরা মাঙ্কিপক্স ভাইরাসের জন্য প্রস্তুত রয়েছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D