নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল

নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে কাজলা নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নদীর বুকে নৌকার ছন্দময় ছুটে চলা আর প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুগ্ধ হন দর্শনার্থীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় কাজলা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুইদিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) লিংকন বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনীউল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেও এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির বিকাশ এবং নারীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পৃক্ততা বাড়বে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। উৎসবের প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

নারীদের অংশগ্রহণে এমন ব্যতিক্রমী নৌকাবাইচ আয়োজন নড়াইলের লোকজ ঐতিহ্যকে নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে এ উৎসব স্থানীয় পর্যটন বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট