|
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। এ জন্য একজন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে তারা, যার প্রধান কাজ হবে সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখা, কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে তা শনাক্ত করা এবং সংশ্লিষ্ট তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এ ব্যতিক্রমী নিয়োগের উদ্যোগ নিয়েছে। দীপাবলি উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে প্রতিষ্ঠানটির কর্মীরা এ চাকরির ঘোষণা দেন। তাদের ভাষ্য, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের সেই অভ্যাসকে আয়ের সুযোগে রূপান্তর করাই এ উদ্যোগের লক্ষ্য।
ভিডিওতে প্রতিষ্ঠানের এক কর্মী জানান, ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটাতে পছন্দ করেন এমন একজন ‘ডুমস্ক্রোলার’ খুঁজছেন তারা। নির্বাচিত ব্যক্তির দায়িত্ব হবে নিয়মিত রিলস দেখা এবং কোন ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বা ভাইরাল হচ্ছে, তা চিহ্নিত করে প্রতিষ্ঠানকে জানানো।
যেভাবে আবেদন করবেন
এ পদে আগ্রহীদের আবেদন করতে হবে ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যাকাউন্টটির বায়োতে দেওয়া গুগল ফরমের লিংকে প্রবেশ করে আবেদন করা যাবে।
আবেদন ফরমে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা চাওয়া হয়েছে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, তা উল্লেখ করতে হবে। এ ছাড়া কোন পদে কাজ করতে আগ্রহী, বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্যও দিতে হবে।
সব তথ্য পূরণ শেষে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত ভিডিওর মন্তব্যের ঘরে ‘হাই’ লিখতে বলা হয়েছে আগ্রহীদের। উদয়পুরে বসবাসকারীরা সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন ফরমের লিংক পেতে পারেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চাকরির খবর প্রকাশের পর ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
ব্যতিক্রমী এ নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে আকর্ষণীয় চাকরির সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ জানিয়েছেন, এমন কাজের সুযোগের অপেক্ষাতেই ছিলেন তারা। আবার একজন মজা করে মন্তব্য করেছেন, সুযোগ পেলে তিনি এ কাজের সেরা কর্মীর পুরস্কারও জিততে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D